এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

এসএসসি, এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়ায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা হয়নি, এমনটি নয়। ভবিষ্যতে প্রশ্ন মডারেশন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে সরাসরি প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।

শিক্ষাব্যবস্থার পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এরই মধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে খুঁজে পাননি তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই ধরনের চিত্র দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম থেকে আসার কথা জানিয়ে হাত তুলেছিলেন।

এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর না হয়ে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। দেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।

শিক্ষা খাতে সরকারের গুরুত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। তাই নিজেদের সেভাবে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।