
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অন্য জেলায় পদায়ন করা হয়েছে। তাঁদের কিশোরগঞ্জে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির তথ্য জানানো হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। চিঠি অনুযায়ী, তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিলের পাশাপাশি অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এসব হামলা ও সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরে সেখানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে।
