বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘দ্য মুসলিম ৫০০’ নামের এই প্রকাশনার ১৮তম সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান পেয়েছেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে তালিকাভুক্ত করা হয়েছে।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও রয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারী অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি নিয়মিত এই তালিকায় জায়গা পাচ্ছেন।

এ ছাড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আইনজীবী রাজিয়া সুলতানা। রোহিঙ্গা শরণার্থীদের অধিকার ও মানবাধিকার নিয়ে কাজের জন্য তাঁকে সামাজিক বিষয়াবলি বিভাগে রাখা হয়েছে।

এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের মধ্যে ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের প্রকাশিত তালিকায় তাঁর নাম দেখা যায়নি।

‘দ্য মুসলিম ৫০০’-এর তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলমানের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে তালিকাটি তৈরি করা হয়। এতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে সাজানো হলেও অন্য ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

এবারের তালিকায় বাংলাদেশের তিনজনই শীর্ষ ৫০-এর বাইরের ৪৫০ জনের বিভাগভিত্তিক তালিকায় স্থান পেয়েছেন।

সূত্র: দ্য মুসলিম ৫০০