
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু রাখা হয়েছে। এ কার্যক্রমে চালকবিহীন উড়োজাহাজ (ড্রোন), শরীরে সংযুক্ত ক্যামেরা এবং বিভিন্ন আধুনিক নজরদারি যন্ত্রের মাধ্যমে সরাসরি ধারণ করা দৃশ্য পর্যবেক্ষণ করা হচ্ছে।
