
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও কসোভো। কপ৩১ সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাগোলি-দালিপির (Fitore Pacolli-Dalipi) সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
আলোচনায় উভয় দেশের জলবায়ুজনিত সমস্যা এবং অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ বিনিময়ের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। কসোভোর মন্ত্রী বন্যা, পানি ব্যবস্থাপনা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে তাঁদের দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কসোভোর মন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। দুই পক্ষ মনে করে, বহুপাক্ষিক সম্মেলনে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা, রাজনৈতিক পর্যায়ে সফর বিনিময় এবং বাণিজ্য প্রতিনিধিদলের যাতায়াত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে।
পুনর্ব্যবহার, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা ও আগাম সতর্কবার্তা ব্যবস্থার মতো ক্ষেত্রগুলোতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
এ সময় বাংলাদেশের দক্ষ জনশক্তি কসোভোতে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে—এমন সম্ভাবনা তুলে ধরে সরকার-পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কসোভোর যেসব খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, সেখানে বাংলাদেশের পেশাজীবীদের কাজের সুযোগ তৈরির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন কসোভোর মন্ত্রী।
বৈঠকে কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। জবাবে শামা ওবায়েদ ইসলাম তাঁকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের পাটজাত হস্তশিল্পের একটি উপহার কসোভোর মন্ত্রীর হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনার বিষয়েও তাঁকে ধারণা দেওয়া হয়। পাটজাত পণ্যের গুণমান ও নান্দনিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন কসোভোর মন্ত্রী।
এ ছাড়া কপ৩১-এর গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে পাটের বহুমুখী ব্যবহার ও পরিবেশবান্ধব পণ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন তিনি।
