
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের প্রস্তাবিত সাত দফা পরিকল্পনা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেন গালিবাফ। তিনি জানান, গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকি ও নিয়ন্ত্রণ নিয়ে ইরান এবং ওমানের মধ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা হয়েছে।
গালিবাফের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালিতে কোনো ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এখানে প্রযোজ্য নয়। বরং প্রণালিটির অভ্যন্তরীণ বিধিবিধান এর দুই উপকূলবর্তী রাষ্ট্রের নিজস্ব আইন অনুযায়ীই পরিচালিত হবে।
শান্তি আলোচনার সাত শর্ত ও ‘বল যুক্তরাষ্ট্রের কোর্টে’ সংঘাত নিরসনে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে নিজেদের সাতটি শর্ত পাঠিয়েছে তেহরান। গালিবাফ বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে’ এবং ইরান ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল অবমুক্ত করা, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দেওয়া।
গত জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে এসব দাবি অন্তর্ভুক্ত ছিল উল্লেখ করে ইরানের এই শীর্ষ নেতা বলেন, মূল আলোচনায় বসার আগেই যুক্তরাষ্ট্রকে এসব শর্ত পূরণ করতে হবে। ওয়াশিংটন যদি পূর্বসম্মত বিষয়গুলোতে সীমাবদ্ধ থাকে এবং অবিশ্বাস তৈরির মতো আচরণ পরিহার করে, তবেই চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে সমঝোতার পথে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটকেই সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তিনি।
পুতিনের মধ্যস্থতা ও নতুন হামলার হুঁশিয়ারি সাক্ষাৎকারে গালিবাফ আরও দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কো সফরকালে মার্কিন কর্মকর্তারা তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তাঁকে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন। এ ছাড়া ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন বলে সতর্ক করেন তিনি। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের কাছ থেকেও ট্রাম্পকে বড় ধরনের রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন গালিবাফ। ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’- এমন ঝুলন্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান সামরিক সক্ষমতাসহ টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
ইয়েমেন ও সৌদি আরব ইস্যু এদিকে, ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের (আনসার আল্লাহ) চলমান সংঘাতে বাইরের কারও হস্তক্ষেপ উচিত নয় বলে মন্তব্য করেন গালিবাফ। তবে ইয়েমেন সরকার ও সৌদি আরব- উভয় পক্ষ যদি আনুষ্ঠানিকভাবে সহায়তা চায়, তবে তাদের মধ্যকার সংঘাত নিরসনে তেহরান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে গত অক্টোবরেও সৌদি আরব ও হুতিদের মধ্যে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইরান।




