
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে হঠাৎ করেই একটি তিনতলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তিনতলা ভবনটি ধসে পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর গিয়ে পড়ে। এতে নিচে অনেকেই চাপা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে জরুরি সেবা বাহিনী।
তবে এখনো ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস জানিয়েছে, আশেপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।




