১৫ লাখের বেশি রোহিঙ্গার চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মধ্যেই নিহিত। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব ধরনের প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত অতীতের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোও তুলে ধরেন তিনি।

কেলি ই. কারি জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।