সারের চালান দেখাতে না পারায় ৪২০ বস্তাসহ ট্রাক আটক

ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করে পুলিশের হেফাজতে দিয়েছেন স্থানীয় লোকজন। ট্রাকটিতে করে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় সার নেওয়া হচ্ছিল। তবে ট্রাকের চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘রাজবাড়ী-ট-১১-০১৪১’ নম্বরের ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাডেট কলেজ এলাকায় স্থানীয়রা ট্রাকটি থামিয়ে মালামালের বিষয়ে জানতে চান। এ সময় চালক ট্রাকে থাকা সারের কোনো বৈধ মেমো বা চালান দেখাতে ব্যর্থ হন।

পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি নিজেদের হেফাজতে নেন। রাত ১১টা পর্যন্ত সারবোঝাই ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, স্থানীয়রা সারবোঝাই একটি ট্রাক আটক করেছে বলে খবর পেয়েছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি কর্মকর্তাকে সারের কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে সারগুলো অবৈধ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।