
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নীতিমালা কার্যকর হবে।
নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিশুর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
ভর্তির সময় শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে নতুন নীতিমালায়।
এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ছিল পাঁচ বছর। এবার তা এক বছর বাড়ানো হয়েছে। অন্যদিকে গত ১৩ অক্টোবর প্রকাশিত সরকারি স্কুলে ভর্তির নীতিমালাতেও প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর। অর্থাৎ, এবার সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ভিন্ন রকম বয়সসীমা রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে বাধ্যতামূলকভাবে শিক্ষার্থী নির্বাচন করতে হবে লটারির মাধ্যমে। নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি করা যাবে।
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের প্রচারের ব্যবস্থা নেবে।
