এরদোয়ান-তারেক বৈঠক: প্রতিরক্ষা ও বাণিজ্য বাড়াতে একমত ঢাকা-আংকারা

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনের আগের দিন সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ওআইসিতে তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়াও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।