
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এ অবস্থানের কথা জানান।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত। ১০০ কিংবা ৫০০ হত্যাকাণ্ডের বিষয় এক রকম, আর মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন মাত্রার বিষয়। দেশের সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ মৌলিক মানবাধিকারের সুরক্ষা স্থগিত বা রহিত থাকার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে তিনি দাবি করেন।
ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে এ বিষয়ে আইনি জটিলতার কথা বলা হয়েছে। তবে শেখ হাসিনা নিজেই বারবার দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে আইনি জটিলতা কিংবা আদালতের দীর্ঘসূত্রতার বিষয়টি সামনে আসার কথা নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
শেখ হাসিনার পাসপোর্ট প্রদান কিংবা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি ল’ ফার্ম থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। ফলে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও নিয়ম মেনে চলাই সরকারের মূল লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত উপায়ে নয়, বরং আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে।
