ফরিদপুর ও গাজীপুরে বাসে আগুন, চালক নিহত

ফরিদপুর ও গাজীপুরে পৃথক ঘটনায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) এসব ঘটনা ঘটে। এর মধ্যে ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে।

ফরিদপুরে গভীর রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটিও সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা কিশোর তন্ময় নামের একটি লোকাল বাসে হঠাৎ আগুন লাগে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুনের ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটিও আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সোমবার (৯ নভেম্বর) রাতে গাজীপুর জেলার চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েক ঘণ্টার পর আরও একটি কাভার্ডভ্যানে আগুনের দেয়ার ঘটনা ঘটে।