
শেখ হাসিনা দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার প্রত্যাশা করছেন-এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, তাকে সংবর্ধনা জানানোর মতো পরিস্থিতি কি আদৌ রয়েছে? তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং তাকে সংবর্ধনা জানাতে হবে-কিন্তু সেই সংবর্ধনা কে দেবে? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা, নাকি নিহত আহনাফের স্বজনেরা?
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনা আবারও দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন। এ লক্ষ্যে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। পাশাপাশি বিদেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকেও দেশে ফেরার বিষয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। তবে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাকে কীভাবে স্বাগত জানাবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
Youtube Banner
রিজভীর অভিযোগ, আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, জানালা দিয়ে গুলি করে শিশুদের হত্যা করা হয়েছে। এসব ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছ থেকে শেখ হাসিনা কীভাবে সংবর্ধনা আশা করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ আন্দোলনে প্রাণ হারানো তরুণদের আত্মত্যাগ মানুষ ভুলে যায়নি। আন্দোলনে বহু তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের রক্তের স্মৃতি এখনো মানুষের মনে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দি থাকার প্রসঙ্গ টেনে বলেন, তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। সে সময় প্রতিবাদ জানালে তৎকালীন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন, আদালত ও আইন নিজস্ব গতিতে চলে। তাহলে শেখ হাসিনা এখন বিদেশের কাছে সহায়তা চাইছেন কেন এমন প্রশ্নও তোলেন রিজভী।
শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ ভুল করলে পরে ক্ষমা চায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারি করে ভুল করেছিলেন এবং পরে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা অনুতপ্ত হননি। এত মানুষের প্রাণহানির পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে মন্তব্য করেন রিজভী।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আবারও ফ্যাসিবাদী শাসন চালানোর স্বপ্ন দেখছেন। পুলিশ ও র্যাব দিয়ে মানুষের ওপর নির্যাতন চালিয়ে নিজের রাজত্ব ও রাজসিংহাসন ফিরে পাওয়ার কল্পনা করছেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনা মনে করছেন, পার্শ্ববর্তী দেশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। কিন্তু শহীদদের রক্তের দাগ মানুষ ভুলে যায়নি। এই জাতি সব সময় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছে।
