হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির আওতায় পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, তার পাসপোর্ট নবায়নের আবেদনটি হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত ও হত্যার দায়ে দণ্ডিত কোনো ব্যক্তির এ ধরনের আবেদন করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরতে হবে।

এ সময় শেখ হাসিনার পক্ষে কোনো লবিস্ট অর্থের বিনিময়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।