সোমবার শুরু ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট

আগামী সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে ল্যাব এইড-ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় এবারের আসরে অংশ নিচ্ছে বিভিন্ন গণমাধ্যমের ৪৮টি দল।

শনিবার (৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।

এবারের টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ল্যাব এইড ক্যানসার হাসপাতাল ও ওয়ালটন গ্রুপ।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড ক্যানসার হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিলটন।

আয়োজকরা জানান, এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল। এর মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন চ্যানেল এবং আটটি অনলাইন গণমাধ্যমের দল রয়েছে।

টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে ম্যাচ ফি, জার্সি ও পানি সরবরাহ করা হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্টের পাশাপাশি ৫ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।