‘ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো’

ডিসেম্বরের মধ্যেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট সব পক্ষ। তবে নতুন কাঠামো অনুযায়ী বাড়তি বেতন শ্রমিকরা হাতে পাবেন জানুয়ারি মাসের বেতনের সঙ্গে।

বুধবার (৪ নভেম্বর) তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তিনি জানান, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করতে সব পক্ষ সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ওই দিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রথমে মজুরি বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) করা হয়েছিল শেখ আশফাকুর রহমান। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে। তবে আশফাকুর রহমানকে সরানোর কোনও কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বোর্ডের বাকি সদস্যরা হলেন, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।