
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে।
বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৫ নভেম্বর এবং চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
এর আগে গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছিলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ সময় তিনি এক মাসের মধ্যে তাদের পরীক্ষা আয়োজনের কথা জানান।
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।
