
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করে যারা এখনও রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, তাঁরা মূলত পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। সরকার কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী পোশাক কারখানা বন্ধ করতে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পাঞ্চলে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে। এরই মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ সিদ্ধান্তে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।
শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে তৈরি পোশাক খাতে অস্থিরতা বা অরাজকতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গাজীপুরে পৃথক তিনটি মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করে। এসব মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সহিংসতা ও নাশকতার অভিযোগে করা এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে সোমবারও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে সোমবার সারা দেশে ৬৭০টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১৭ লাখ শ্রমিক কাজ না করেই ফিরে যেতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
