আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, উৎপাদন ব্যয় কমানোও সরকারের অন্যতম লক্ষ্য।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারগুলোর ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনায় সময় ব্যয় করতে চায় না বর্তমান সরকার। বরং আগামী দিনগুলোতে কীভাবে বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়, বাসাবাড়ি ও ব্যবসা-বাণিজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেটিই সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এর খরচ কমানোর দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বছর জাতীয় গ্রিডে কয়েক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হলে বিদ্যুৎ খাতের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।