সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের আড়ালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে একটি পক্ষ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এমনকি সীমান্তের ওপারের ইশারায়ও কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সড়কে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অশান্তি তৈরি করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে।’ সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করার যেসব চেষ্টা হয়েছে, সেগুলোর সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা ছিল না বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সীমান্তের ওপারের ইশারায় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ডিসেম্বর মাসকে ঘিরে বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং তা অব্যাহত থাকবে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে দ্রুত ফিরে আসতে পারেন। তবে তাঁদের ক্ষেত্রে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ‘ডিসেম্বর-ডিসেম্বর’ বলে নিজেদের কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করছেন। তাঁরা চাইলে দেশে ফিরতে পারেন। পলাতক নেতাকর্মীদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে বলেও জানান তিনি।