
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ অন্যান্য যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
সোমবার (২ নভেম্বর) পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।
জেলা প্রশাসক জানান, শ্রমিকদের মজুরি নির্ধারণে ইতোমধ্যে ছয় সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত, শিল্পের আর্থিক সক্ষমতা এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে একটি বাস্তবসম্মত ও যৌক্তিক মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। উসকানি ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শ্রমিকদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানান তিনি।
ফরিদা খানম বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ কিংবা কারখানায় উৎপাদন বন্ধের মতো ঘটনা শ্রমিকদেরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এসব পরিস্থিতিতে কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে। তাই যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিতে হবে।
পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, দেশের রপ্তানি আয় ও বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সঙ্গে এ শিল্পের ভবিষ্যৎ জড়িত। কারখানার উৎপাদন অব্যাহত থাকলে শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত থাকবে এবং জাতীয় অর্থনীতিও সচল থাকবে। এ জন্য শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় মালিকপক্ষের প্রতি শ্রমিকদের যৌক্তিক দাবি, অধিকার ও কল্যাণের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান জেলা প্রশাসক। পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চান তিনি।
কয়েক সপ্তাহ ধরে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। এর মধ্যে গত ২৯ অক্টোবর থেকে গাজীপুর, সাভারের আশুলিয়া ও হেমায়েতপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ জোরালো হয়। ৩১ অক্টোবর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কয়েকটি কারখানা বন্ধ হয়ে যায় এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
জেলা প্রশাসক জানান, উদ্ভূত পরিস্থিতিতে থানা পুলিশ ও শিল্প পুলিশের সমন্বিত তৎপরতা এবং সতর্ক অবস্থানের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
সভায় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
