মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। অন্যদিকে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এবং পল্লবী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ ছাড়া মিরপুর-১ ও ২ নম্বর এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন জ্বলছে। দুপুর সাড়ে ১২টার দিকে
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

শ্রমিকদের অবরোধ ও সংঘর্ষের কারণে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকার গুরুত্বপূর্ণ এ অংশে যান চলাচল স্থবির হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। যানবাহন না পেয়ে অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

এদিকে রোববার সচিবালয়ে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।