
রাজধানীর বনানী এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততা, আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং এর সঙ্গে জড়িত কুচক্রী মহলের সঙ্গে যোগসাজশ থাকার সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পরপরই অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে গোয়েন্দা কর্মকর্তাদের নিবিড় জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
