
রাজধানীর পল্লবী থানা এলাকার পূরবী সিনেমা হল সড়কের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের গাড়িটিতে আগুন জ্বলছিল। এ সময় আন্দোলনরত শ্রমিকরা গাড়িটির পাশে অবস্থান করছিলেন।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে এলে শ্রমিকরা সেটিকে ধাওয়া দেন। এ সময় পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে।
