বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে দায়িত্বে ছিলেন। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চারজন বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি পর্যবেক্ষকের উপস্থিত থাকার কথা ছিল।

এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।