
পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও হাটের ইজারাদারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটের মধ্যেই এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আতাইকুলা হাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। নিহত সালাম আতাইকুলা হাটের ইজারাদার ও শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিকে রিপন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, সন্ধ্যা ৭টার দিকে সালাম ও রিপন হাটের ভেতরে সালামের কার্যালয়ে ছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন সশস্ত্র ব্যক্তি কার্যালয়ে ঢুকে কয়েক রাউন্ড গুলি করে। তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
