
এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ও বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা জেতেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট, আর কাজাখস্তানের সংগ্রহ ২১০।
ফাইনালের প্রথম সেটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ওই সেটে বাংলাদেশ ৫০ পয়েন্ট পেলেও কাজাখস্তান করে ৫৩। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান বাংলাদেশের আর্চাররা। এ সেটে বাংলাদেশ ৫৫ এবং কাজাখস্তান ৫৪ পয়েন্ট পায়। ফলে ম্যাচে সমতা ফেরে।
তৃতীয় সেটেও দাপট ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। এ সেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ পয়েন্ট, কাজাখস্তানের ৫২। শেষ সেটে দুই দলই চাপের মুখে লড়াই করে। শেষ পর্যন্ত ৫২–৫১ পয়েন্টে সেটটি জিতে ৬–২ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।
ফাইনালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেন আবদুর রহমান আলিফ। চার সেটে তাঁর সংগ্রহ ৭৬ পয়েন্ট। মোহাম্মদ রাফি করেন ৭০ এবং সাগর ইসলাম ৬৬ পয়েন্ট।
