
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় তাইজুল সরদার হত্যাকাণ্ডের জেরে চরম সহিংসতা, ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের লোকজন সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িসহ অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এই তাণ্ডব চালানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকাটিতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়। হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একের পর এক বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা নির্বিচারে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ এলাকার অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে তাণ্ডব চালায়, লুটপাট করে এবং শেষ পর্যায়ে অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে চারদিকে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে। সহিংসতা এড়াতে ও সার্বিক শান্তি বজায় রাখতে এলাকাটিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, “আমরা পুলিশ সুপার মহোদয়সহ সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাইজুল সরদার হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষ গ্রুপটি এই হামলা চালিয়েছে। এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা না হলেও পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
