যশোরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের দেয়াড়া ইউনিয়নের বড় মেঘলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮), শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় (১৮) এবং মতিয়ার রহমানের ছেলে রোহান হোসেন (১৯)।

আহতরা হলেন, আব্দুল কাদেরের ছেলে ওমর আলী (১৭) ও মণ্ডলগাতী গ্রামের রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত (১৭)। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর আলী ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি নতুনহাট পেরিয়ে বড় মেঘলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অপর মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম হোসেন, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, মরদেহ শনিবার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।