
মাদরাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, মাদরাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য তুলে ধরতে ইমামদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী।
