
দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। প্রস্তাবিত আইনটি পাস হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ স্বপ্রণোদিত হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে বলে জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) খুলনা পুলিশ লাইনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা অনেক সময় প্রভাবশালী হয়ে থাকেন। রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো ক্ষমতার প্রভাব খাটিয়ে তাঁরা এ ধরনের অপরাধ করেন। এ কারণে সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা ভয়ের কারণে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে চান না, এমনকি সাক্ষ্য দিতেও অনীহা দেখান। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
আইজিপি বলেন, প্রস্তাবিত আইনটি পাস হলে পুলিশ নিজ উদ্যোগে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। ডিজিটাল মাধ্যমে পাওয়া প্রমাণের ভিত্তিতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ তুলে ধরে আইজিপি বলেন, আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ বলপ্রয়োগ করলে এক ধরনের সমালোচনার মুখে পড়ে, আবার বলপ্রয়োগ না করলে পুলিশকে দুর্বল বলা হয়। তিনি বলেন, তাঁরা এমন পরিস্থিতি চান না; বরং সবার সহযোগিতায় একটি কার্যকর পুলিশ বাহিনী গড়ে তুলতে চান।
তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে।
মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে আইজিপি বলেন, এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আইজিপি জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রম নতুনভাবে সাজানো হচ্ছে। আগে এ কার্যক্রম অনেক ক্ষেত্রে কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। এখন স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এটি আরও গতিশীল করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আইনি কাঠামোর মধ্যে পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে।
সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
