সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে চলাচল শুরু করবে আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। ঢাকা-চট্টগ্রাম রুটের পরিবর্তে ট্রেনটির যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। নতুন রুটের পাশাপাশি ট্রেনটির সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সূচি অনুযায়ী, ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে। এরপর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। এসব স্টেশনের মধ্যে রয়েছে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন এই রেলসেবা চালু হলে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বৃদ্ধি পেতে পারে। এতদিন ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীনভাবে চলাচল করায় মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা সরাসরি এসব ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন না।

নতুন রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। এতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।

নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে নতুন রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।