
ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
