সৌদির তেলক্ষেত্রে হুথিদের ড্রোন প্রতিহত, ধ্বংসাবশেষের আঘাতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটির ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে নিহত দুজনের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজন পাকিস্তান ও ভারতের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনের ধাতব টুকরো ছিটকে তেলক্ষেত্রের সীমানার বাইরে থাকা এক ঠিকাদারের গাড়িতে পড়ে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনার কারণে তেলক্ষেত্রটির স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছিল, দেশটির দক্ষিণাঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনটি ঠিক কোথায় প্রতিহত করা হয়েছিল কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কি না, সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিস্তারিত জানানো হয়নি।

এরও আগে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করে সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে পাঠানো একটি ড্রোন তাদের বাহিনী মাঝ আকাশে ধ্বংস করেছে।

এদিকে, একই দিনে পূর্ব ইয়েমেনের মুক্তালা শহরের আল-রায়য়ান বিমানবন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় বিমান হামলার ঘটনা ঘটেছে।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সরকারি মুখপাত্র জানিয়েছিলেন, হুথিরা আল-রায়য়ান বিমানবন্দরে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর দাবি, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আদেন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাশাপাশি তাইজের বীর পাশা এলাকার একটি ফোম কারখানায়ও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।