বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা সরকারের নেই: শফিকুর রহমান

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতাও সরকারের নেই।

রোববার (১৮ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এবি পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, আলাদা শপথ নেওয়ার কথা বলে সরকার জাতির সঙ্গে প্রতারণার সূচনা করেছে। সরকারি দল হিসেবে আলাদাভাবে শপথ নেওয়ার ঘোষণা দেওয়ার মধ্য দিয়েই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, সরকার ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

গণভোট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সংসদে একজন দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন, গণভোটের চারটি বিষয় তিনি নিজেই বোঝেন না। তাহলে সাধারণ মানুষ কীভাবে তা বুঝবে? এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, জনগণ যদি চারটি দফা বুঝতে না পারে, তাহলে ৩১টি দফা কীভাবে বুঝেছে? তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে মূর্খ মনে করে, তাদের অবমূল্যায়ন করে এবং নিজেদেরই একমাত্র জ্ঞানী বলে মনে করে।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা প্রথমে মেধার অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমেছিল। মেধার ভিত্তিতে রাষ্ট্রে নিজেদের যোগ্য অবস্থান নিশ্চিত করা এবং দেশকে সেবা দেওয়ার সুযোগ তৈরি করাই ছিল তাদের প্রত্যাশা। এ সুযোগ নিশ্চিত করার অন্যতম মাধ্যম সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু একের পর এক প্রতিষ্ঠান ধ্বংসের পর এখন পিএসসিতেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো মন্ত্রীর পারিবারিক ব্যবসা নয়। পিএসসির কোনো সদস্যকে এভাবে দায়িত্ব ছেড়ে দিতে বলার অধিকার কোনো মন্ত্রীর নেই বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি চাকরির গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। তাঁর দাবি, বিভিন্ন ক্ষেত্রে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি কোনো এলাকার মানুষ সরকারকে ভোট দেবে কি না, তার ভিত্তিতে ওই এলাকায় বরাদ্দ দেওয়া হবে কি না, সে ধরনের বক্তব্যও দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

রাষ্ট্রীয় অর্থের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, আজ জন্ম নেয়া শিশু থেকে শুরু করে সবচেয়ে বয়স্ক মানুষ পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষের রাষ্ট্রীয় তহবিলে অংশগ্রহণ রয়েছে। কেউ সরাসরি, আবার কেউ পরোক্ষভাবে অবদান রাখেন। এটি একটি সামষ্টিক তহবিল, যেখানে গরিব মানুষের অর্থ আলাদা করে রাখা হয় না; সব অর্থ এক জায়গায় জমা হয়। তাই এ ধরনের তহবিল নিয়ে রাজনৈতিক বৈষম্যমূলক বক্তব্য দেয়া শুধু অশালীনতা নয়, এটি রাষ্ট্রীয় অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি দলের এমপিদের ২০৮টি আসনে বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে, অথচ বিরোধী দলের একজন এমপিকেও তা দেয়া হয়নি। এই বৈষম্যের জন্যই কি এতগুলো জীবন গেছে, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন ছিল পরিবর্তনের জন্য। পুরোনো রাজনীতির অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে বলে জনগণ আশা করেছিল। কিন্তু দেশকে আবারও আগের ধারায় ফিরিয়ে নেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মহিষের ওপরও কর আরোপের প্রসঙ্গ সামনে এসেছে। তার বক্তব্যে মহিষের ঘাস খাওয়ার জন্যও টাকা দেয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন।

বিরোধী দলের আন্দোলন নিয়ে সরকারের সমালোচনার জবাবে তিনি বলেন, বিরোধী দল কেন সহযোগিতা না করে আন্দোলন করছে এবং কেন আন্দোলন দীর্ঘায়িত করছে, এমন প্রশ্ন তোলা হচ্ছে। কিছু কথিত সুশীল ও বুদ্ধিজীবীও একই ধরনের বক্তব্য দেয়ার চেষ্টা করছে।

আগের স্বৈরাচারী সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে বলে অভিযোগ করে জামায়াত আমির বলেন, বিরোধী দল চুপচাপ বসে থাকবে না। নানা ধরনের কারসাজি ও অনিয়মের পর জনগণ তাদের যে কয়টি আসন দিয়েছে, সেই আসনে থাকা সংসদ সদস্যরা সারা দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষায় পাহারাদার হিসেবে কাজ করবেন, ইনশাআল্লাহ।