আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খেলাধুলা এখন আর শুধু বিনোদন কিংবা শারীরিক সুস্থতার মাধ্যম নয়, বরং এটি একটি স্বীকৃত পেশাও। বাংলাদেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার স্কুল পর্যায় থেকেই ক্রীড়া শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে। একটি সুস্থ, সচেতন, কর্মক্ষম ও আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম খেলাধুলা। এটি শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে।

অ্যাথলেটিকসকে খেলাধুলার অন্যতম মৌলিক ভিত্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, দৌড়, লাফ ও নিক্ষেপের মতো ইভেন্টের মাধ্যমে একজন অ্যাথলেটের গতি, শক্তি, সহনশীলতা, সমন্বয়ক্ষমতা ও মানসিক দৃঢ়তা বিকশিত হয়। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি দেশের সামগ্রিক সক্ষমতা ও ক্রীড়ার উন্নয়নের চিত্র তুলে ধরতেও অ্যাথলেটিকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, বাংলাদেশের অ্যাথলেটিকসের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত অসংখ্য প্রতিভাবান তরুণ-তরুণী রয়েছেন, যাঁদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের বিপুল সম্ভাবনা রয়েছে। তাঁদের প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ, আধুনিক প্রশিক্ষণ, দক্ষ কোচ, বিজ্ঞানভিত্তিক অনুশীলন, পুষ্টি ও চিকিৎসাসেবা এবং নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার মতো আয়োজন প্রতিভাবান খেলোয়াড়দের সামর্থ্য তুলে ধরার ক্ষেত্র তৈরি করে। একই সঙ্গে নতুন প্রজন্মের অ্যাথলেটদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ক্রীড়া সংগঠন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জাতীয় ফেডারেশনগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার পাশাপাশি তাঁদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যৎ জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। ক্রীড়াবিদেরা যেন খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে গ্রহণ করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়ার প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে ন্যায়সংগত প্রতিযোগিতা, শৃঙ্খলা, সততা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে। জয়-পরাজয় প্রতিযোগিতার স্বাভাবিক অংশ। একজন প্রকৃত ক্রীড়াবিদ বিজয়ের আনন্দে সংযত থাকেন এবং পরাজয় থেকেও শিক্ষা গ্রহণ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব অ্যাথলেটকে নিয়মনীতি মেনে সর্বোচ্চ নিষ্ঠা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে নিজেদের সেরাটা তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং পেশাদারত্ব বজায় রাখার অনুরোধ জানান।

তারেক রহমান বলেন, দেশের তরুণ সমাজ সবচেয়ে বড় সম্পদ। তাদের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাকে ইতিবাচক কাজে নিয়োজিত করা গেলে বাংলাদেশ আরও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। খেলাধুলা তরুণদের মাদক, হতাশা, অসামাজিক কর্মকাণ্ড ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে পারে। মাঠের অনুশীলন তাঁদের সময়ানুবর্তিতা, দলগত দায়িত্ববোধ, অধ্যবসায় ও প্রতিকূলতা মোকাবিলার শিক্ষা দেয়।

প্রধানমন্ত্রী বলেন, অ্যাথলেটিকসে নারীরা যেন পিছিয়ে না থাকেন, তা নিশ্চিত করতে হবে। নারী অ্যাথলেটদের প্রতিভা বিকাশ, মানসম্মত প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। ভৌগোলিক অবস্থান কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো প্রতিভা যেন বিকাশের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার, ক্রীড়া ফেডারেশন, ক্লাব, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, মাঠ সংরক্ষণ, প্রশিক্ষণের আধুনিকায়ন এবং ক্রীড়াবিদদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কার্যকর ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির কার্যক্রম আরও গতিশীল করবে।

তিনি বলেন, ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’ কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; বরং দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রতিভার বিকাশ ঘটবে, তরুণ-তরুণীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং জাতীয় পর্যায়ে অ্যাথলেটিকসের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজক, অংশগ্রহণকারী অ্যাথলেট, প্রশিক্ষক, কর্মকর্তা, বিচারক, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।