
কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের ঢেউ ও স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
