
গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। গণমাধ্যম গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে এ ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করলে তা জনগণের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পেশাদার সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্মী ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় বিচার নিশ্চিত করাসহ গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে পেশাদার সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনের কার্যক্রম ও সদস্যদের কল্যাণে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করে।
প্রতিনিধিদলটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়।
এ সময় রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের স্মৃতিচারণ করেন। সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ডিআরইউর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
