
রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং উদ্যানের আধুনিকায়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহারিয়ার খাঁন আনাস এবং ওয়াসিম আকরামের সম্মানিত অভিভাবকদের সাথে নিয়ে স্মৃতিস্তম্ভটির শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে স্মারক হিসেবে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি আধুনিকায়নকৃত পুরো উদ্যান ও এর সন্নিকটে নবনির্মিত গ্রন্থাগার ঘুরে দেখেন।
গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক ইতিহাস সংরক্ষণে প্রায় এক একর ভূমির ওপর এই বিশেষ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন এই স্থাপত্যের মূল আকর্ষণ হিসেবে গায়ে লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করে ৮৩৪ জন শহীদের নাম ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া প্রবেশদ্বারে ২০টি প্রতীকী সমাধিফলক এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান পর্যন্ত সব ঐতিহাসিক অধ্যায় সংবলিত রিলিফ ভাস্কর্য অন্তর্ভুক্ত রয়েছে।
একই সাথে ২৩ একর এলাকাজুড়ে বিস্তৃত ওসমানী উদ্যানটিকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব নাগরিক বিনোদনকেন্দ্রে রূপান্তর করা হয়েছে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় উদ্যানের বিদ্যমান প্রাচীন বৃক্ষরাজির পাশাপাশি নতুন জলাশয়, ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ প্রাতঃভ্রমণ পথ, ব্যায়ামাগার, ওয়াটার রিপ্লেনিশমেন্ট সিস্টেম এবং সর্বাধুনিক নাগরিক সুবিধা সংযুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
