ঢাকায় যাত্রাবিরতিতে ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে পৌঁছানোর পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

রোববার (১৮ অক্টোবর) সংক্ষিপ্ত যাত্রাবিরতি বা ট্রানজিটের জন্য ঢাকায় পৌঁছেছেন।

জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুগামী সরাসরি কোনো ফ্লাইট না থাকায় মূলত ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকাকে ব্যবহার করছেন ফিফা বস। তার এই অবস্থানটি একেবারেই স্বল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগে থেকেই তাকে স্বাগত জানানোর প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের সহ-সভাপতিরা সৌজন্য সাক্ষাতের করেছেন। এর আগে, ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার ফাঁকেও ফিফা সভাপতির সঙ্গে আনুষ্ঠানিক এক বৈঠকে মিলিত হয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।