
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজারের পাশে সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
Youtube Banner
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
