বাংলাদেশের সরকার পতন নিয়ে রাজনাথের বক্তব্যের কড়া জবাব রিজভীর

‌ভারতে বাংলাদেশে সরকার পতনের মতো পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এমন মন্তব্যের জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোনো দেশ অন্যায় ও অবৈধভাবে পরিচালিত হলে সেখানে আন্দোলন, গণজাগরণ ও গণঅভ্যুত্থান ঘটতে পারে। প্রতিবেশী দেশে কী ঘটছে, তা নিয়ে মন্তব্য করার কিছু নেই। তবে বাংলাদেশের দিকে ইঙ্গিত করে কোনো বক্তব্য দেওয়া হলে সে বিষয়ে কথা বলার অধিকার বাংলাদেশের রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন। মধ্যরাতের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচনী ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে তোলা হয়েছিল। জনগণ ভোটাধিকার ও কথা বলার অধিকার হারিয়েছিল। বিচার বিভাগ ও প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজের লোক বসিয়ে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন।

তিনি বলেন, দেশ যদি অন্যায়-অবৈধভাবে চলে, তাহলে আন্দোলন, গণজাগরণ এবং জনগণের উত্থান তৈরি হয়। তাতে যারা অপরাধ করে, সেই শাসকদের পালিয়ে যেতে হয়। এটাই সত্য কথা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনা বৈধভাবে ক্ষমতায় ছিলেন না। বারবার ভোটকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিলেন তিনি। এ কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে রিজভী বলেন, কোনো অন্যায় পার পাবে না। বেআইনিভাবে হত্যা আমাদের এই দেশে কখনোই সম্ভব হবে না। ন্যায়বিচার হবে এবং আইন-আদালতের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত হবে।