সবজির বাজারে দাম চড়া, ডিমের দাম কমেনি

ছুটির দিনেও রাজধানীর বাজারে সবজির। বাজারে সবজির সরবরাহ থাকলেও বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ১২০ টাকার মধ্যে। কিছু সবজি তুলনামূলক কম দামে পাওয়া গেলেও তা সীমিত। এর মধ্যে কাঁচা পেঁপে অন্যতম। অন্যদিকে, কয়েক সপ্তাহ ধরে ডিমের দামও উচ্চপর্যায়ে রয়েছে। পাশাপাশি ব্রয়লার মুরগি ও অন্যান্য মাংসের দামও ক্রেতাদের চাপে ফেলছে।

রাজধানীর শান্তিনগর ও শাহজাহানপুর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা, কাকরোল ও ঢ্যাঁড়স কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। ঝিঙা, ধুন্দল ও কচুরমুখীর দামও প্রায় একই পর্যায়ে রয়েছে।

মাঝারি আকারের প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। প্রতিটি চালকুমড়া, ফুলকপি ও বাঁধাকপি কিনতে খরচ হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। হাইব্রিড শসা, পটল ও বরবটির কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।

তবে টমেটোর দাম ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকার বেশি দামে। লম্বা ও গোল দুই ধরনের বেগুনের কেজি ৮০ থেকে ১৪০ টাকা। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকায়।