দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে

বাংলাদেশে খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে। বছরের শুরুর তুলনায় এ সংখ্যা ২৮ লাখ বেশি।

গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত ডব্লিউএফপির প্রতিবেদনে খাদ্যনিরাপত্তাহীনতার পেছনে উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, বন্যায় কৃষির ক্ষতি, শিশুদের অপুষ্টি এবং রোহিঙ্গা শরণার্থীদের খাদ্যসহায়তা নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে।

আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। ১৯৭৯ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ২০তম সম্মেলনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮১ সালে প্রথমবারের মতো বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আজকের উদ্ভাবন, আগামী দিনের পুষ্টি’।

এমন সময়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে, যখন দেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির চাপ রয়েছে। বিভিন্ন জরিপেও দেশে দারিদ্র্য বৃদ্ধির চিত্র উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, দেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। ডব্লিউএফপির প্রতিবেদনে এই ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তুলে ধরা হয়েছে।

শিশুদের পুষ্টি নিয়ে উদ্বেগ

ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যসংকট ও পুষ্টিহীনতা শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করছে। পর্যাপ্ত খাবারের অভাব এবং খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান না থাকায় শিশুদের বৃদ্ধি ও বিকাশ ঝুঁকির মুখে পড়ছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে পাঁচ বছরের কম বয়সী প্রতি চার শিশুর একজন খর্বকায়, অর্থাৎ বয়সের তুলনায় উচ্চতা কম। এ ছাড়া ১১ শতাংশ শিশু ক্ষীণকায়, অর্থাৎ উচ্চতার তুলনায় ওজন কম। অন্যদিকে, প্রতি পাঁচটি পরিবারের দুটিতে উল্লেখযোগ্য মাত্রায় অণুপুষ্টির ঘাটতি রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি ও জীবিকা

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বন্যা ও জলাবদ্ধতায় দেশের প্রায় ৮০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২ লাখ ৩০ হাজার কৃষক পরিবার এবং ১৩ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। এর ফলে খাদ্য উৎপাদন ও মানুষের জীবিকা ব্যাহত হয়েছে।

দেশের খাদ্যনিরাপত্তার ওপর বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের মোট প্রবাসী আয়ের প্রায় অর্ধেক আসে মধ্যপ্রাচ্য থেকে। তবে আঞ্চলিক পরিস্থিতির কারণে ভবিষ্যতে প্রবাসী আয়ের প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

উচ্চ মূল্যস্ফীতিতে চাপে মানুষের ক্রয়ক্ষমতা

২০২২ সালের শুরুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে দেশে খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে। ২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ ছাড়িয়ে যায়, যা বিগত এক যুগের মধ্যে সর্বোচ্চ ছিল। এরপর কয়েক মাস খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে অবস্থান করে। বর্তমানে তা ১০ শতাংশের নিচে নেমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

তবে খাদ্য মূল্যস্ফীতির হার কমে যাওয়ার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়। এর অর্থ হলো, আগের তুলনায় দাম বাড়ার গতি কিছুটা কমেছে। ফলে উচ্চ দামের কারণে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত থাকতে পারে।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৩ অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে যেতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে অর্থনৈতিক পুনরুদ্ধার, মানুষের ক্রয়ক্ষমতা এবং বিনিয়োগের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

খাদ্যশস্যের দাম ও সরকারি মজুত

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বর্তমানে বাজারে মোটা চালের কেজি কমপক্ষে ৫০ টাকা। খোলা আটার দামও কেজিপ্রতি প্রায় একই।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় ৮ লাখ ৩৪ হাজার টন চাল ও গম বিতরণ করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ৪৮ হাজার টন কম।

তবে সরকারি গুদামে প্রায় ২৩ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা তুলনামূলক স্বস্তিদায়ক পরিস্থিতি নির্দেশ করে। খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত থাকলেও ঝুঁকিতে থাকা মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাবার পৌঁছানো গুরুত্বপূর্ণ।

ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সহায়তার পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বর্তমান পরিস্থিতিতে খাদ্যসংকটের ঝুঁকি মোকাবিলায় সরকারের প্রথম কাজ হওয়া উচিত সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করা।

তিনি বলেন, নিম্ন আয়ের পরিবার, দিনমজুর, কৃষিশ্রমিক, নারীপ্রধান পরিবার এবং দুর্যোগকবলিত এলাকার মানুষের জন্য খাদ্যসহায়তা বাড়াতে হবে। পাশাপাশি ন্যায্যমূল্যে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং লক্ষ্যভিত্তিক নগদ সহায়তার পরিধি বাড়ানো প্রয়োজন।সেলিম রায়হান আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি ও কারসাজি প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তাঁর মতে, ঝুঁকিতে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছানোর পাশাপাশি বাজারব্যবস্থার ওপর কার্যকর নজরদারি