সৌদির সবচেয়ে বড় তেল কোম্পানির সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে এ হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, হামলার ফলে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের রাজধানী সানায় তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আরামকোর ভবনে এ হামলা চালানো হয়। এর পেছনে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের জড়িত থাকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সানায় হামলা হলে সৌদি আরবকে কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে রিয়াদে সৌদি আরবের জাতীয় তেল কোম্পানির সদর দপ্তর, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিল গোষ্ঠীটি। এসব স্থাপনার আশপাশে কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছিল।

এদিকে হুতিদের নিয়ন্ত্রণাধীন সানার আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। এরপর সেখানে বিমান হামলা চালানো হয়। আল-জাজিরার সাংবাদিকদের তথ্য অনুযায়ী, রাস ইসা বন্দর ও হোদেইদা প্রদেশের তেল স্থাপনাগুলোও হামলার শিকার হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেছেন, হুতিরা এসব স্থাপনা ও ভূগর্ভস্থ জ্বালানি ডিপোকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অস্ত্রভান্ডার হিসেবে ব্যবহার করছে।

অন্যদিকে, ইয়েমেনের তেল কোম্পানি এর আগে জানিয়েছিল, তাদের তেল সংরক্ষণাগারগুলো খালি থাকায় এসব হামলায় তেলের মজুত ও সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সানার কয়েকটি পেট্রলপাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।