যন্তর মন্তর ছাড়ব না মোদি সরকার ও নির্বাচন কমিশনকে রাহুলের চ্যালেঞ্জ

ভারতের নির্বাচন ব্যবস্থা ও সংবিধান রক্ষায় কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সুপ্রিম কোর্টে আবেদন জমা দেওয়ার পর রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের ভবিষ্যৎ আন্দোলন ও রণকৌশল চূড়ান্ত করা হয়। যৌথ সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী জানান, নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক ও আইনি ঘেরাটোপ ক্রমশ শক্ত হয়ে আসছে।

গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার সুরক্ষায় পরিচালিত এই আন্দোলনে কোনো ধরণের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাজপথের আন্দোলনের পাশাপাশি দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে বাতিল বা ‘ডিনোটিফাই’ করার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়। বিরোধীদের গণআন্দোলন দাবিয়ে রাখার এই চেষ্টার জবাবে কড়া বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেন, সরকার যন্তর মন্তরে প্রতিবাদ বন্ধ করতে চাইলেও বিরোধীরা পিছু হটবে না এবং যন্তর মন্তরের মতো গণতান্ত্রিক প্রতিবাদ স্থান ছাড়বে না।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ অন্যান্য শরিক দলের নেতারা একযোগে জানান, ভোটার তালিকায় কারচুপি ও নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে এই যৌথ আন্দোলন শিগগিরই দেশজুড়ে আরও বিশাল রূপ নেবে। তবে আন্দোলনকে আরও বড় পরিসরে নিয়ে যেতে বিরোধী জোটের সুনির্দিষ্ট পরবর্তী পরিকল্পনা কী হতে যাচ্ছে, তা কৌশলগত কারণেই এখনই খোলসা করতে রাজি হননি শীর্ষ নেতারা।