
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এতে সাজেকে বেড়াতে আসা ৯ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
রোববার (১১ অক্টোবর) সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের’ ডাকে দীঘিনালা-সাজেক সড়কে এ কর্মসূচি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নামে একটি সশস্ত্র দল সাজেকে ধারাবাহিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। পাশাপাশি সাধারণ মানুষকে নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, অবরোধের কারণে নিয়মিত দুবারের পরিবর্তে দুপুর ২টায় একবার বিশেষ স্কর্ট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ওই স্কর্টে পর্যটকেরা সাজেক ছেড়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
