
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ১১৪১ এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে বিবেচনার জন্য অবগত করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার সুইসাইড নোটে উল্লিখিত বিভাগের অবহেলার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায় কাছ, আজ ১১ অক্টোবর বিকেল ৩টা ০৮ মিনিটে মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠেন। পরে তাঁর আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল হালিমের ০১৭১৪০১২৩১৫ নম্বরে অথবা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর ০১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর পরিচয়:
নাম: মোঃ মোহাইমিনুল ইসলাম
বিভাগ: ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৫০তম ব্যাচ
আবাসিক হল: মীর মশাররফ হোসেন হল
কক্ষ নম্বর: ‘এ’ ব্লকের ১১০
স্থায়ী ঠিকানা: হাজরা বাড়ি, মেলান্দহ, জামালপুর।
