
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দিল্লি বিমানবন্দরে তাঁদের বহনকারী উড়োজাহাজ অবতরণের পর বিমানের ভেতর থেকেই তাঁদের আটক করা হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল সিজেপি। তবে দিল্লি পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। এরপরও নির্ধারিত সময়েই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল দলটি।
বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে উড়োজাহাজে নয়াদিল্লি আসেন অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের বহনকারী উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপরই বিমানে উঠে তাঁদের আটক করে পুলিশ।
আটকের পুরো ঘটনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল বিমানে প্রবেশ করে তাঁকে এবং সিজেপির অন্য দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করছে।
ভিডিওতে পুলিশ সদস্যদের সঙ্গে সিজেপির নেতাকর্মীদের তর্ক করতে দেখা যায়। কেন তাঁদের বিমান থেকে নেমে আসা পর্যন্ত অপেক্ষা করা হয়নি, তা জানতে চান তাঁরা। এ সময় নারী পুলিশ সদস্যদের উদ্দেশে অভিজিৎকে বলতে শোনা যায়, ‘আপনারা তো আমরা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন, আমরা ভয় পাই না।’
তিন নেতাকে আটকের পর দেওয়া এক বিবৃতিতে ঘটনাটিকে ‘স্বৈরাচারী কায়দায় আটক’ বলে উল্লেখ করেছে সিজেপি। দলটির অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্বকে কর্মসূচিস্থলে পৌঁছানোর আগেই অকার্যকর করে দিতে পূর্বপরিকল্পিতভাবে এ পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ।
বিবৃতিতে সিজেপি আরও বলেছে, চলাফেরার স্বাধীনতার এমন লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে তারা। একই সঙ্গে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি।
এর আগে শনিবার সকালে ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনি শাখার প্রধান রত্না সিংহকেও তাঁদের বাড়ি থেকে আটক করা হয়। বিক্ষোভে তাঁদের অংশগ্রহণ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দিল্লি ও আশপাশের এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সঙ্গে দিল্লির ৪৫টি মেট্রোস্টেশন বন্ধ, আড়াই শতাধিক ট্রেন বাতিল এবং সড়কে চলাচলকারী যানবাহনে ব্যাপক তল্লাশি চালানোর কথাও জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি।




